

কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করার লক্ষ্যে “অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ-২০২৬” কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নিতপুর খাদ্য গুদাম চত্বরে উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের যৌথ আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আমিনুল ইসলাম, ওসি এলএসডি নিতপুর ও সরাইগাছি, জাতীয়তাবাদী রাজনৈতিক দলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাকিল জাবেদ আনসারি, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাহার আলী, ৫নং ঘাটনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, এমপির সফরসঙ্গী মোঃ মইনুল হোসেন, রাজনৈতিক নেতা মোঃ রফিকুল ইসলাম গামা, যুবদল নেতা মোঃ আবুল কালাম আজাদ, ইব্রাহিম হোসেন, মোঃ রাকিবুল ইসলাম, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, কৃষক প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম ও মোঃ আব্দুস সাত্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম চালু রেখেছে। এতে একদিকে কৃষক লাভবান হবে, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের ঘামেই দেশের খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ হয়। তাই কৃষকদের স্বার্থ রক্ষা এবং তাদের উৎপাদিত ধান-চালের সঠিক মূল্য নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। কোনো ধরনের অনিয়ম বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। স্থানীয় কৃষকরা জানান, সময়মতো সরকারি সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ায় তারা আশাবাদী। বাজারে দাম কমে গেলে সরকারি ক্রয় কার্যক্রম কৃষকদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খাদ্য গুদাম পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সংগ্রহ কার্যক্রম পরিচালিত হলে কৃষকরা আরও বেশি উৎসাহ নিয়ে কৃষি উৎপাদনে মনোনিবেশ করবেন, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










