ঠাকুরগাঁও

ক্ষমতায় এলে গণমাধ্যমে হস্তক্ষেপ থাকবে না: মিজানুর রহমান মাস্টার।

হাসিনুজ্জামান মিন্টু রানীশংকৈল প্রতিনিধিঃ
১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে দেশের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ–রাণীশংকৈল) আসনের প্রার্থী মিজানুর রহমান মাস্টার। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের চাপ, বাধা বা নিয়ন্ত্রণ আরোপ করা হবে না। সোমবার রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ১১ দলীয় জোটের প্রেস ও মিডিয়া সেলের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।মিজানুর রহমান মাস্টার বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন সংবাদমাধ্যম অপরিহার্য। সত্য তুলে ধরার ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ তারা মেনে নেবেন না বলেও তিনি আশ্বস্ত করেন। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, তাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ।তিনি আরও জানান, সরকার গঠন করতে পারলে এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং একটি ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, ভাতা নির্ভর নয়—বরং প্রশিক্ষণ ও বিনা খরচে চাকরির সুযোগ সৃষ্টি করাই তাদের লক্ষ্য। এছাড়া বিদেশে জনশক্তি রপ্তানি বাড়ানো এবং স্থানীয় নদীগুলো খননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আমানুল্লাহ আমান, জেলা প্রেস ও মিডিয়া সেলের সভাপতি শাহজালাল জুয়েল এবং পৌর আমির আব্দুল মাতিন। সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোকাররম হোসাইনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button