

নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় ড্রেন পুনর্নির্মাণের সময় মাটি খুঁড়ে এসএমজি (সাবমেশিন গান)-এর ৩৩৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে বগুড়া জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকা থেকে এই গুলিগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় ড্রেন পুনর্নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। কাজ চলাকালীন ড্রেনের তলদেশের মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ গুলির স্তূপ দেখতে পান তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঠিকাদারকে জানানো হলে তিনি দ্রুত পুলিশে খবর দেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো নিজেদের হেফাজতে নেয়। এরপর গণনা করে মোট ৩৩৪ রাউন্ড এসএমজি গুলি পাওয়া যায়। এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, উদ্ধারকৃত গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের অংশ হতে পারে এগুলো। এছাড়া স্থানীয়দের অনেকে ধারণা করছেন, মুক্তিযুদ্ধের সময় জিলা স্কুল চত্বরে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প থাকায় গুলিগুলো সেসময়েরও হতে পারে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর গুলিগুলোর সুনির্দিষ্ট বয়স ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।










