অভিযোগ

হাইমচরের চরভৈরবী ইউনিয়নে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতি: নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট।

ডেক্স নিউজ:
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চর ভৈরবী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পাড়া বগুড়া এবং লক্ষ্মীপুর সীমান্তবর্তী এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে এই দুইটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন পাড়া বগুড়া এলাকার বাসিন্দা মোঃ মরন আলী আখনের ছেলে মোঃ শহিদুল আখন এবং তার পাশের বাড়ির বাসিন্দা মোঃ নওয়াব আলী বেপারী। অভিযোগ অনুযায়ী, সংঘবদ্ধ একদল ডাকাত বাড়ির গেট ও দরজার লক ভেঙে অস্ত্রশস্ত্রসহ মুখ বাঁধা অবস্থায় ঘরের ভেতরে প্রবেশ করে।এ বিষয়ে মোঃ শহিদুল আখন বিডি মেঘনা নিউজ ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ গেট ভাঙার শব্দ পেয়ে ঘুম থেকে জেগে দেখি, একদল ডাকাত গেট ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। তাদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল এবং সবাই মুখ বাঁধা ছিল। আমরা চিৎকার করার আগেই তারা আমাদের জিম্মি করে বেঁধে ফেলে এবং অস্ত্রের ভয় দেখায়। তিনি আরও জানান, ডাকাতরা ঘরের আলমারি ভেঙে তার ছেলের বিয়ের জন্য দীর্ঘদিন ধরে জমানো নগদ ৩ লাখ ৮ হাজার টাকা এবং আনুমানিক ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতদের হুমকির কারণে পরিবারের কেউই প্রতিরোধ করার সাহস পাননি। একই রাতে পাশের বাড়ির মোঃ নওয়াব আলী বেপারীর বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ডাকাতরা ওই বাড়ির গেট ভেঙে ঘরে প্রবেশ করে এবং সেখানে থাকা দুই নারীর কাছ থেকে একটি স্বর্ণের চেইন, একটি রুপার চেইন ও নুপুর ছিনিয়ে নেয়।ডাকাতির খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরে সংবাদ পেয়ে রাতেই হাইমচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। এলাকাবাসীরা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও এলাকায় রাত্রীকালীন নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button