বিপ্লবের রক্তভেজা নক্ষত্র ওসমান হাদি শনিবার রাষ্ট্রীয় শোক খুনিদের ছাড় না দেওয়ার ঘোষণা প্রধান উপদেষ্টার।


নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকায় জুলাই-আগস্টের বিপ্লবী চেতনার অন্যতম সারথি, তরুণ তুর্কি শহীদ শরীফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডে স্তব্ধ গোটা জাতি। এই বীর সেনানির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শুক্রবার বাদ জুমা সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। শোক পালনকালে দেশের সকল স্বায়ত্তশাসিত, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ড. মুহাম্মদ ইউনুস এক বিবৃতিতে বলেন, এই অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বিচারের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বা সহানুভূতি দেখানো হবে না। তিনি আরও যোগ করেন, ওসমান হাদি ছিলেন বিপ্লবী রক্তে উজ্জীবিত এক তরুণ নেতা এবং প্রতিবাদের অনন্য প্রতীক। তিনি কেবল প্রতিবাদীই ছিলেন না, বরং দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। পরাজিত শক্তি তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর যে অপচেষ্টা করেছে, তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা আত্মসংযম বজায় রাখুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কাজ সম্পন্ন করার সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাত ঘটিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না।বিবৃতিতে ড. ইউনুস আবেগঘন কণ্ঠে বলেন, শহীদ হাদি ছিলেন বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার এক অবিচ্ছেদ্য অংশ। তার আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে।










