চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে সচেতন হন, সুস্থ থাকুন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিপ্লব কুমার মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. জহুরুল ইসলামসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের উদ্যোগে ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উজ্জ্বল কুমার ঘোষ কলেজ অধ্যক্ষের উদ্যোগকে প্রশংসনীয় ও অনুকরণীয় উল্লেখ করেন। তিনি বলেন, আমরা সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এজন্য নিজেদের আরও সচেতন হতে হবে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের মতো জেলার অন্যান্য স্কুল-কলেজেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে।কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে বিভিন্ন তথ্যবহুল বার্তা প্রচার করা হচ্ছে। কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার টানানো হয়েছে। এসব ব্যানারে ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধ ও করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। ব্যানারে টব, পুরোনো গাড়ির টায়ার, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মশারি টাঙিয়ে ঘুমানো, প্রয়োজন অনুযায়ী মশা নিধনের ওষুধ ব্যবহার এবং বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ও মোজা পরার আহ্বান জানানো হয়। এতে ডেঙ্গুর প্রধান লক্ষণ হিসেবে তীব্র জ্বর, মাথাব্যথা, মাংসপেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে র‌্যাশ, ঘন ঘন বমি এবং নাক বা মুখ দিয়ে রক্ত পড়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। তিন মাসব্যাপী এ অভিযানের মাধ্যমে কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button