

নাজমুল হাসান নাজির স্টাফ রিপোর্টারঃ
জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব, পরিবেশগত ন্যায়বিচার এবং বাংলাদেশের উপকূলীয় ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ মানুষের জীবনসংগ্রাম জনসমক্ষে তুলে ধরতে রাজধানীতে ধারাবাহিক পথনাট্যের আয়োজন করেছে ‘Youth Climate Action Forum।গত ১০ থেকে ১৪ জুলাই ঢাকার মানিক মিয়া এভিনিউ, আগারগাঁও, কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন জনবহুল স্থানে তরুণদের অংশগ্রহণে এই পথনাট্যগুলো প্রদর্শিত হয়। নাটকগুলোতে লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, ঘন ঘন ঘূর্ণিঝড়, নদীভাঙন, জীবিকা হারানো, বাস্তুচ্যুতি এবং পরিবেশগত ক্ষতির বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়। বিশেষ করে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বাগেরহাট, রামপাল, বরগুনা, পাথরঘাটা, কুয়াকাটা, মাদারীপুর, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের মানুষের সংগ্রাম ও দাবির কথা নাটকের বিভিন্ন বার্তায় জোরালোভাবে তুলে ধরা হয়। আয়োজকরা জানান, প্রথাগত সভা-সেমিনারের বাইরে গিয়ে নাটক, গল্প ও সরাসরি জনসম্পৃক্ততার মাধ্যমে জলবায়ু সংকটের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। জলবায়ু পরিবর্তনকে কেবল একটি পরিবেশগত সমস্যা হিসেবে নয়, বরং মানবাধিকার, জীবিকা, সুপেয় পানির অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার লড়াই হিসেবে দেখতে হবে—এমন বার্তা দেওয়া হয় নাটকের মাধ্যমে।পাশাপাশি তরুণদের জলবায়ু আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, নবায়নযোগ্য জ্বালানি এবং’জাস্ট ট্রানজিশন’ বা ন্যায়ভিত্তিক রূপান্তরের গুরুত্বও তুলে ধরা হয়।Youth Climate Action Forum’-এর আয়োজনে এবং ‘Shurjodoy Youth Society’-এর কারিগরি সহযোগিতা ও ‘LEDARS’-এর সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। প্রতিটি পরিবেশনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অ্যাডভোকেসি কার্যক্রমে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এই পথনাট্যের মধ্য দিয়ে তরুণরা স্পষ্ট বার্তা দিয়েছেন যে, জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বরকে নীতিনির্ধারকদের সামনে নিয়ে আসতে হবে এবং একটি ন্যায়ভিত্তিক, জলবায়ু-সহনশীল ও টেকসই ভবিষ্যৎ গড়তে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।









