রাজশাহী

মোহনপুরে যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ছাদ ধসে পড়ল, রক্ষা পেলেন কর্মকর্তা।

​নিজস্ব প্রতিবেদক, মোহনপুর (রাজশাহী):
রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনের দোতলায় যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যক্রমে এ সময় কার্যালয়ে না থাকায় বড় ধরনের প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
​বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ১৯৬৭ সালে নির্মিত জরাজীর্ণ ওই ভবনের ছাদের প্রায় ৭ ফুট অংশ ভেঙে সরাসরি যুব উন্নয়ন কর্মকর্তার টেবিলের ওপর পড়ে। এতে তার ব্যবহৃত কম্পিউটার পিসি ও টেবিলের গ্লাস সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানা যায়নি।
​অলৌকিকভাবে রক্ষা পেলেন কর্মকর্তা
​ঘটনার সময় যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা কার্যালয়ে উপস্থিত ছিলেন না। অতিরিক্ত দায়িত্ব পালনের সুবাদে তিনি বাগমারা উপজেলায় দায়িত্বে থাকায় এ যাত্রায় তিনি অলৌকিকভাবে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান।
​বিকট শব্দে আতঙ্ক ও কর্মকর্তাদের ছুটে যাওয়া
​দুর্ঘটনার সময় নিচতলায় সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম। হঠাৎ বিকট শব্দ শুনে তিনি ও সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম দৌড়ে দোতলায় গিয়ে যুব কর্মকর্তার বিধ্বস্ত অফিসকক্ষ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
​খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন এলজিইডি প্রকৌশলী রকিব হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং এসএএস সুপারিন্টেন্ডেন্ট এসএম মালেকুজ্জামানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

Back to top button