উদ্যোগ

বৃত্তির সম্মান থেকে সবুজের অঙ্গীকার—হাইমচরে শিক্ষার্থী সংবর্ধনা ও ফলজ গাছ রোপণ।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শহর আলীর মোড় এলাকায় ৪৩ নং জালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী মোঃ মাহবুব আলম মাহিমকে সংবর্ধনা এবং ফলজ গাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মেঘনা পাড়ের স্বজন ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী মোঃ মাহবুব আলম মাহিমকে সংবর্ধনা প্রদান করা হয়। মাহিম মোঃ বাচ্চু মিয়া বেপারীর ছেলে। শিক্ষাজীবনে তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে ৪৩ নম্বর জালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ মঈন উদ্দিন বেপারীর সভাপতিত্বে এবং ঢাকাস্থ মেঘনা পাড়ের স্বজন ফোরামের সদস্য ইমন রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মেঘনা পাড়ের স্বজন ফোরামের প্রধান সমন্বয়ক মোঃ আব্দুল খালেক বকাউল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ নম্বর জালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শরীফ পাটোয়ারী, প্রধান শিক্ষিকা মিনা রানী দেবনাথ ও আব্দুর রাজ্জাক চকিদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মেঘনা পাড়ের স্বজন ফোরামের কার্যকরী কমিটির সদস্য আবুল হোসেন প্রধানিয়া, মোঃ রাশেদ বেপারী, মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, মোঃ ফারুক হোসেন, মোঃ মামুন সরদার, মোঃ রোকন খালাসি, মোঃ শাহপরান বেপারী,মোঃ সবুজ বেপারী,প্রান্ত সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সাফল্য শুধু তার নিজের অর্জন নয়; এর সঙ্গে পরিবার, শিক্ষক, বিদ্যালয় ও সমাজেরও গর্ব জড়িয়ে থাকে। বৃত্তির মতো অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও নিয়মিত পড়াশোনার প্রতি উৎসাহিত করে। বক্তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, একই সঙ্গে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে। একটি গাছ যেমন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছায়া, অক্সিজেন ও পরিবেশের ভারসাম্য নিশ্চিত করে, তেমনি একজন শিক্ষার্থীর ভালো শিক্ষা একটি পরিবার, একটি সমাজ এবং একটি এলাকার ভবিষ্যৎ বদলে দিতে পারে। ফলস গাছ রোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তাও তুলে ধরা হয়—শিক্ষার সঙ্গে পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধের সমন্বয় ঘটাতে হবে। একটি ছোট্ট বৃক্ষরোপণ কর্মসূচিও ভবিষ্যতে একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার সূচনা হতে পারে। স্থানীয়রা বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের সংবর্ধনা ও উৎসাহমূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা পায়। একই সঙ্গে বিদ্যালয়কেন্দ্রিক সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাড়লে এলাকার শিক্ষার পরিবেশও আরও সমৃদ্ধ হবে। ঢাকাস্থ মেঘনা পাড়ের স্বজন ফোরামের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, মেধার মূল্যায়ন করা এবং পরিবেশ রক্ষায় মানুষকে উৎসাহিত করা—এসব উদ্যোগ একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী মোঃ মাহবুব আলম মাহিমের সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বক্তারা বলেন, একটি ভালো ফলাফল জীবনের শেষ অর্জন নয়, বরং বড় স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। তাই ব্যর্থতায় হতাশ না হয়ে এবং সাফল্যে অহংকার না করে জ্ঞান, সততা ও মানবিকতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।শিক্ষার্থী সংবর্ধনা ও বৃক্ষরোপণের এই আয়োজনের মধ্য দিয়ে ৪৩ নং জালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। একই সঙ্গে মেধার স্বীকৃতি, শিক্ষার প্রসার, পরিবেশ সচেতনতা এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও ঢাকাস্থ মেঘনা পাড়ের স্বজন ফোরামসহ এলাকার সামাজিক সংগঠনগুলো শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, মেধাবীদের উৎসাহ প্রদান এবং পরিবেশ রক্ষায় আরও কার্যকর ও ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবে। এসব উদ্যোগের মধ্য দিয়েই গড়ে উঠবে শিক্ষিত, সচেতন, মানবিক ও সবুজ একটি সুন্দর সমাজ।

এই বিভাগের আরও খবর

Back to top button