

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল। শুক্রবার (২ মে) বিকেলে শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ ময়দান (শফিমিয়া বাজার সংলগ্ন) থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালপুর গেট ফৌজদারি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি এস এম আব্দুস সুবাহানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব ও আসন্ন পৌরসভা নির্বাচনে আলোচিত মেয়র পদপ্রার্থী সোহেল রানা খান। তাঁর উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।সমাবেশে আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মালিক, জেলা ট্রাক-ট্র্যাক-লরি মালিক সমিতির সহ-সভাপতি মোঃ শামিম হোসেন মঙ্গল, জেলা যুবদলের সদস্য মোঃ জাকির হোসেন জনি ও মোঃ ইমরান কায়সারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে এস এম আব্দুস সুবাহান বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিক দল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে।বিশেষ অতিথির বক্তব্যে সোহেল রানা খান বলেন, “মে দিবসের শিক্ষা আমাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ সময় জেলা শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ র্যালি ও সমাবেশে অংশ নেন।










