অভিযোগ

কলেজে ঢুকে শিক্ষিকার ওপর হামলা-ভাঙচুর, জুতাপেটার অভিযোগে বিএনপি নেতা অভিযুক্ত।

অনলাইন ডেস্ক:
রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজে পরীক্ষা চলাকালে শিক্ষকদের ওপর হামলা, ভাঙচুর ও এক শিক্ষিকাকে জুতাপেটার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আকবর আলীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কলেজে প্রবেশ করে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে আগের প্রশাসনের আয়-ব্যয়ের হিসাব নিয়ে তর্কে জড়ান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা হামলা চালায়। অভিযোগ রয়েছে, প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করা হয় এবং তাকে জুতাপেটা করা হয়। পরে অভিযুক্তরা আবার ফিরে এসে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা চালায় এবং অফিস কক্ষে ভাঙচুর করে। হামলায় আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও কয়েকজন। আহতদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নপ্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করে বলেন, আয়-ব্যয়ের হিসাব চাওয়ার আড়ালে মূলত চাঁদার দাবি ছিল। অধ্যক্ষের পক্ষে অবস্থান নেওয়ায় তাকেও হামলার শিকার হতে হয়েছে।তবে অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, কলেজের অনিয়মের হিসাব চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং প্রথমে তাদের ওপরই হামলা হয়। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে চাঁদার চাপ ছিল। তা প্রত্যাখ্যান করায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে ছিল। এরপরও কিছু ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button