রাজশাহী

রাজশাহী মেডিক্যালে সেবায় ভোগান্তি, ইন্টার্নদের কর্মবিরতিতে চরম সংকট।

মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহীঃ
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা সেবার মান নিয়ে জনমনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের ভেতরে সেবার মান নিম্নমুখী, চিকিৎসক ও নার্সদের আচরণ অসৌজন্যমূলক, আর বাইরে দালালচক্রের দৌরাত্ম্যে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।ভুক্তভোগীরা জানান, সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে সেবা পাওয়ার কথা থাকলেও নানা পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য করা হচ্ছে। সেখানে চিকিৎসকদের পরামর্শ ফি ১,০০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, যা নিম্নআয়ের মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।অভিযোগ রয়েছে, হাসপাতালকে ঘিরে দালাল ও গাড়ি সিন্ডিকেট সক্রিয়। বিশেষ করে মরদেহ পরিবহনের ক্ষেত্রে নির্দিষ্ট সিন্ডিকেটের গাড়ি ছাড়া অন্য যানবাহন প্রবেশে বাধা দেওয়া হয়, ফলে স্বজনদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।এদিকে রোগীর স্বজনদের হাতে লাঞ্ছনার অভিযোগ তুলে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।ইন্টার্নদের এই কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। জরুরি বিভাগ চালু থাকলেও অন্যান্য সেবা সীমিত হয়ে পড়েছে।ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়লেও নিয়মিত চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।এ বিষয়ে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি-এর সদস্য সচিব মো. মাফুজুল হুসাইন হিকোল বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দালালচক্র ও অনিয়ম দমন জরুরি। একই সঙ্গে হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং বেসরকারি খাতে অতিরিক্ত ফি ও অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।পরিস্থিতির দ্রুত উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এই বিভাগের আরও খবর

Back to top button