কলকাতা

শ্যামপুকুরে মিঠুনের উপস্থিতিতে বিজেপির জনসমাবেশ, পূর্ণিমার পক্ষে প্রচার তুঙ্গে।

সমরেশ রায় পশ্চিমবঙ্গ কলকাতাঃ
শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী-এর সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় আহেরীটলা দোলনা পার্ক সংলগ্ন এলাকায় আয়োজিত এই সভায় প্রধান আকর্ষণ ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।নির্ধারিত সময়ের আগেই সভাস্থলে মানুষের ভিড় জমতে শুরু করে। বিকেল থেকেই এলাকাবাসী, পথচারী ও দলীয় সমর্থকরা মিঠুন চক্রবর্তীকে একনজর দেখতে ও তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা গড়াতেই জনসমাগম আরও বাড়ে, পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে হিমশিম খেতে হয় এবং এক পর্যায়ে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়।
রাত প্রায় ৮টার দিকে মিঠুন চক্রবর্তী মঞ্চে পৌঁছালে উপস্থিত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়েন। তাকে ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। একইভাবে মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিদেরও উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, মানিকতলার প্রার্থী তাপস রায়, তমঘ্ন ঘোষ, বিজেপি যুব মোর্চার সভাপতি সুবোধ দাসসহ স্থানীয় ও রাজ্যস্তরের নেতৃবৃন্দ।বক্তারা তাদের বক্তব্যে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন এবং আসন্ন ২০২৬ সালের নির্বাচনকে “পরিবর্তনের শেষ সুযোগ” হিসেবে উল্লেখ করেন। তারা অভিযোগ করেন, বিভিন্ন ক্ষেত্রে অরাজকতা ও দুর্নীতি বেড়েছে এবং জনগণের স্বার্থ রক্ষায় পরিবর্তন প্রয়োজন। নিজের বক্তব্যে পূর্ণিমা চক্রবর্তী বলেন, তিনি মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি দীর্ঘদিন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেবেন।অন্যদিকে মিঠুন চক্রবর্তী তার বক্তব্যে শ্যামপুকুরকে নিজের জন্মভূমি হিসেবে উল্লেখ করে বলেন, এখানকার মানুষের ভালোবাসাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান, পূর্ণিমা চক্রবর্তীকে সমর্থন জানিয়ে তাকে জয়ী করার মাধ্যমে উন্নয়নের সুযোগ তৈরি করতে।সবমিলিয়ে জনসমাগম, নেতৃবৃন্দের উপস্থিতি এবং উত্তেজনাপূর্ণ বক্তব্যে শ্যামপুকুরের এই জনসভা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

Back to top button