ফুটবলশোক নিউজ

রতনপুরে প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে মসজিদবাটী প্রাথমিক বিদ্যালয়ের ডাবল জয়।

জি,এম রাজু আহমেদ সাতক্ষীরাঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ১১নং রতনপুর ইউনিয়নে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এ বালক ও বালিকা—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মসজিদবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ৮ এপ্রিল টুর্নামেন্টের খেলা শুরু হয়ে ১০ এপ্রিল বিকাল ৪টায় রতনপুর ফুটবল মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে শিশুদের প্রাণবন্ত পারফরম্যান্স সকলকে মুগ্ধ করে।বালক বিভাগের ফাইনালে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে মসজিদবাটী ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। একইভাবে বালিকা বিভাগেও মসজিদবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।টুর্নামেন্টে ইউনিয়নের ১৩টি বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রাথমিক পর্ব শেষে সেমিফাইনালে উত্তীর্ণ হয়—রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়ুইমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মসজিদবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীম-আল-রাজী (টোকন)। সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের এটিও যতি শংকর রায়।এসময় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাবেক খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুদের শুধু পড়াশোনায় নয়, মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমেও সম্পৃক্ত করা জরুরি।তিনি সবাইকে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এবং শিশুদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান।সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও খবর

Back to top button