

তরিকুল ইসলাম মাগুরাঃ
মাগুরায় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ জুন) সকালে সদর উপজেলার টিলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুল শেখ ওহিদ। নিহতরা হলেন- সেতু (৩৫) ও তাঁর মেয়ে আনিসা (৮) মাসের শিশু। স্থানীয়দের বরাত দিয়ে এসআই ওহিদুল শেখ ওহিদ বলেন, আজ সকালে রাইস কুকারে ভাত রান্না করতে যান সেতু। এ সময় কোলে থাকা শিশুসহ বিদ্যুতায়িত হন তিনি। পরে স্বজনেরা দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মাসুম বলেন, হাসপাতালে আসার আগেই দুজনের মৃত্যু হয়েছে। এসআই ওহিদুল শেখ আরও বলেন, এই ঘটনায় দুজনের মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রয়েছে। এ বিষয়ে পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










