

ডেক্স রিপোর্টঃ
১. সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
২. গণতন্ত্র, জাতীয় মর্যাদা ও ভোটাধিকারের প্রশ্নে আপসহীন অবস্থানের জন্য পরিচিত এই নেত্রীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও শূন্যতা নেমে এসেছে। ৩. দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি চিকিৎসাধীন ছিলেন। গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৪. দীর্ঘ প্রবাসজীবন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরে বড় ছেলে তারেক রহমান অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান। ইন্তেকালের আগের রাতে পরিবারের সদস্যরা তাঁর পাশে উপস্থিত ছিলেন।
৫. বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই নেত্রীর জন্মনাম ছিল খালেদা খানম পুতুল। তাঁর পিতা ইস্কান্দর মজুমদার ও মাতা তৈয়বা মজুমদার। ৬. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের সহধর্মিণী হিসেবে জাতীয় রাজনীতিতে প্রবেশ করে তিনি ১৯৮১ সালে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপার্সন নির্বাচিত হন। ৭. সামরিক শাসনবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক ও উল্লেখযোগ্য। ৮. তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন—১৯৯১ থেকে ১৯৯৬, ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্য এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। ৯. ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্রসন্তানের জননী। বড় ছেলে তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো আগেই ইন্তেকাল করেন। ১০. রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব ও দৃঢ় অবস্থানের মাধ্যমে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবেন।










