সানস্কৃতিক অনুষ্ঠান

শিশুদের উচ্ছ্বাসে মুখর জাগরণী আদর্শ শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলা-এর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জাগরণী আদর্শ শিশু শিক্ষা নিকেতন কিন্ডার গার্ডেনে ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার সকাল ৯টায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজন শিশুদের প্রাণচাঞ্চল্য, অভিভাবকদের উচ্ছ্বাস এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিনুল্লাহ বেপারী এবং সঞ্চালনায় ছিলেন প্রফেসর মোখলেসুর রহমান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মোঃ আব্দুল জলিল মাস্টার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা তাদের আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ আহসানুল হক, দক্ষিণ মদনা দাখিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক আবদুল খালেক খান, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের সরদার, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোঃ মাছুম বিল্লাহ, সমাজসেবক শাহ্ মোঃ এমরান কাজী, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম পাটোয়ারী এবং বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোঃ নুরে আলম আখন।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, স্কুলের অভিভাবকবৃন্দ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের উৎসাহ প্রদান করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও স্কাউট ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। ছোট ছোট শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ পরিবেশনা ও দেশাত্মবোধক আবহ উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, বল নিক্ষেপ, চেয়ার দখলসহ বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। অভিভাবকদের জন্যও ছিল বিশেষ খেলা, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।শিশুদের নাচ-গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ নয়; বরং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশই প্রকৃত শিক্ষার ভিত্তি। জাগরণী আদর্শ শিশু শিক্ষা নিকেতন দীর্ঘদিন ধরে এ অঞ্চলে মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে তাঁরা উল্লেখ করেন।সার্বিকভাবে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আয়োজন শিশুদের মেধা, মনন ও মানবিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।

Back to top button