সানস্কৃতিক অনুষ্ঠান

রায়পুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল সম্পন্ন।

একরাম হোসেন রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ১০ মিনিটে শেষ হওয়া এ আয়োজনটি স্থানীয় চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় বালিকা ও বালক—দুই গ্রুপেই ছিল ব্যাপক উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। বালিকা গ্রুপে ট্রাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে ঝাউডগী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করতে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।
অন্যদিকে বালক গ্রুপে দুপুর ১২টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল—পশ্চিম চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আবাবিল রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাইজুল ইসলাম এবং সাবেক প্রধান শিক্ষক মালেক মোঃ ইসমাইল হাওলাদার। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন উপজেলা সরকারি প্রাথমিক অফিসার মোঃ কামরুল হাসান। সভাপতিত্ব করেন ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ দুলাল হাওলাদার। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের অসংখ্য শিক্ষক-শিক্ষিকাও উপস্থিত ছিলেন এবং পুরো আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন গৌতম মজুমদার, যিনি দক্ষতার সঙ্গে পুরো ম্যাচ পরিচালনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মঈনুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সমান গুরুত্ব রয়েছে। তিনি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থেকে মাঠমুখী হওয়ার আহ্বান জানান এবং বলেন, নিয়মিত খেলাধুলা একজন শিক্ষার্থীকে শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে তোলে। বিশেষ অতিথি মোঃ তাইজুল ইসলাম বলেন, বিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশের ক্ষেত্র। তিনি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা ও মানসিক শক্তি বৃদ্ধি করার আহ্বান জানান।উদ্যোক্তা মোঃ কামরুল হাসান তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যত প্রজন্মকে দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।বক্তব্য শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। প্রথমে বালিকা দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, এরপর বালক দলের বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান করা হয়।পুরো আয়োজনটি ছিল আনন্দঘন, শৃঙ্খলাপূর্ণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত। স্থানীয় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর উপস্থিতিতে টুর্নামেন্টটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে।

Back to top button