দেশজুড়ে

সংকটময় মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়া, অবস্থা অত্যন্ত জটিল: ডা. জাহিদ হোসেন।

ডেক্স নিউজঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি বর্তমানে এক সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।সংবাদ সম্মেলনে ডা.জাহিদ বলেন,স্বাভাবিকভাবেই উনার অবস্থার উন্নতি হয়েছে—এ কথা এই মুহূর্তে বলা যাবে না। উনার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন। ডা. জাহিদ আরও বলেন, চিকিৎসা ও মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে যদি বেগম খালেদা জিয়া এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তাহলেই কেবল সামনে ভালো কিছু পাওয়ার আশা করা যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতা ও নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে প্রথমে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণের মধ্যেই রাখা হয়েছে। ডা. জাহিদ হোসেন বলেন, সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পরপরই তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে, যা আমাদের সবাইকে গভীরভাবে উদ্বিগ্ন করে তোলে। চিকিৎসা প্রসঙ্গে তিনি জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল টিম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এই চিকিৎসা টিমে তার পুত্রবধূ, চিকিৎসক ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন। সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসক ও নার্সরা দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানান তিনি। এদিকে, শনিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। ডা. জাহিদের ভাষ্য অনুযায়ী, তারা দীর্ঘ সময় মায়ের শয্যাপাশে অবস্থান করেন এবং তার চিকিৎসা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে নিবিড় চিকিৎসাধীন রয়েছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তারেক রহমান ও তার পরিবারের পক্ষ থেকেও দেশনেত্রীর আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষ সবসময় খালেদা জিয়ার জন্য দোয়া করে আসছেন, এজন্য পরিবার ও দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, চিকিৎসক ও নার্সদের নিরলস দায়িত্ব পালনের জন্য তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অব্যাহত রেখেছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button