ফরিদপুরের ভাঙ্গায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ-২১ জেলার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।


নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু করেছেন স্থানীয় জনতা। এর ফলে দক্ষিণাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ আবারও বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভাঙ্গার পুখুরিয়া ও সুয়াদি এলাকায় মহাসড়কের ওপর গাছ, বাঁশ ও ইট ফেলে বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার মানুষ। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুই পাশে শত শত যানবাহন আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।বিক্ষোভকারীরা জানান, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, ফরিদপুর-৪ আসনের পরিবর্তে ভাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তন করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অবরোধ চলবে বলেও তারা ঘোষণা দেন।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, সকাল সোয়া ৮টার পর থেকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মনসুরাবাদ পর্যন্ত বিভিন্ন স্থানে স্থানীয়রা অবরোধ করছেন। ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বেলা সোয়া ১১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এর আগে, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দফায় দফায় সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে আসছেন।

