অবরোধ

রায়পুর-ঢাকা মহাসড়ক অবরোধ, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ।

একরাম হোসেন রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রায়পুর পৌর শহরে বিক্ষুব্ধ নেতাকর্মী ও স্থানীয়রা রায়পুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, যুবদল নেতা বেলাল হোসেন মিশোরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা রায়পুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। এ সময় বিক্ষোভকারীরা “ফাঁসি চাই, ফাঁসি চাই” স্লোগান দিতে দিতে সড়কে অবস্থান নেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতাকে মারধরের ঘটনায় মৃত্যু অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এর আগে একই দিন দুপুরে রায়পুর পৌর শহরের মেইন রোডে সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বেলাল হোসেন মিশোরী (৫০) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়োতির এলাকার শাহ আলমের ছেলে অটোচালক আরমান (৩৫) রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরমান বেলালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

Back to top button