

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা প্রতিনিধি:
পোরশা উপজেলা-এ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসগুলোকে ঘিরে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (সকাল ১১টা) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। সভায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ের মাধ্যমে সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, পোরশা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দিবসগুলো যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। সভায় উপস্থিত বক্তারা জাতীয় দিবসগুলোকে ঘিরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।










