ঠাকুরগাঁও

৩৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, যৌথ অভিযানে আটক ১ জন।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে প্রায় ৩৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মূর্তিসহ এক ব্যক্তিকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি-এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল গত ১৪ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশের সমন্বয়ে দিনাজপুর জেলার কাহারোল থানার সৈয়দপুর পানুয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রী মাইকেল রায় (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সৈয়দপুর পানুয়াপাড়া গ্রামের মৃত জতিন্দ্রনাথের ছেলে। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩৫ কেজি ওজনের (দৈর্ঘ্য ৩০ ইঞ্চি ও প্রস্থ ১৫ ইঞ্চি) একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। এছাড়া একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তি ও অন্যান্য জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ৩৫ লাখ ১ হাজার ২০০ টাকা।এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দিনাজপুর জেলার কাহারোল থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button