

নূরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রকল্যাণ সমিতি (তীরনই), ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক প্রাণবন্ত ও আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তীরনই অঞ্চলের বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।পাশাপাশি সংগঠনের সম্মানিত এলামনাই ও বিশিষ্ট ব্যক্তিবর্গও এতে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তীরনই-এর কৃতি সন্তান ও অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল, দিনাজপুর) শাহিনুর ইসলাম শাহিন। পুরো আয়োজনটি ছিলো উৎসবমুখর ও আন্তরিকতায় ভরপুর। শিক্ষার্থী ও এলামনাইরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, অতীত স্মৃতিচারণ এবং প্রাণবন্ত আড্ডার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সবাই যেন ফিরে পান আপন ঠিকানার উষ্ণতা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহিনুর ইসলাম শাহিন বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, সহযোগিতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।সবমিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি ভ্রাতৃত্ব ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তীরনই ছাত্রকল্যাণ সমিতির এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।










