সাতক্ষীরা

কালিগঞ্জে ড্রেন সংস্কারে উদ্যোগ, বর্ষার দুর্ভোগ কমবে ৪০০ পরিবারের।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম ও মৎস্য সেটসংলগ্ন সরকারি পুকুর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ড্রেন সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪০০টি পরিবার জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন–সংক্রান্ত দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের বিশেষ সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) সকাল ৭টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওহাব সিদ্দিকীর নেতৃত্বে ড্রেন সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের জয়েন্ট সেক্রেটারি সিরাজুল ইসলাম, ইউনিয়ন টিম সদস্য মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের প্রতিনিধি সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম, জলবায়ু কর্মী মারুফ হাসান, আল্লাহর দান মৎস্য আড়তের ক্যাশিয়ার আলহাজ আব্দুল কাদের, রেহানা ফিশের স্বত্বাধিকারী মোঃ রবিউল ইসলাম, স্থানীয় মৎস্য ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনটি অকার্যকর থাকায় বর্ষা মৌসুমে পানি জমে চলাচলে বিঘ্ন সৃষ্টি হতো। একই সঙ্গে সৃষ্টি হতো নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ও জনদুর্ভোগ। ড্রেন সংস্কারকাজ শেষ হলে পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে এবং এলাকার পরিবেশেরও উন্নতি হবে বলে তারা আশা করছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে, পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং স্থানীয় মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button