সাতক্ষীরা

কালিগঞ্জে বেশি দামে পেট্রোল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, সচেতনতামূলক অভিযান।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় খোলা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন স্থানে খোলা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন মাঠে নামে। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও খোলা বাজারে তেল সরবরাহ, বিক্রি এবং মূল্য সংক্রান্ত বিষয়গুলো তদারকি করতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, খোলা বাজারে এক ব্যক্তি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পেট্রোল বিক্রি করছেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম খান ঘটনাস্থলেই তাকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। অভিযানকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফিলিং স্টেশন মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন করা হয়, যাতে তারা অতিরিক্ত দামে জ্বালানি তেল ক্রয় না করেন এবং এ ধরনের অনিয়ম দেখলে প্রশাসনকে অবহিত করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম খান জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি তেল বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। কেউ যদি অতিরিক্ত দামে পেট্রোল বা অন্যান্য জ্বালানি তেল বিক্রি করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় কালিগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন। উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button