শিক্ষা

শিশুমনে জ্ঞানের আলো, সততার চর্চা।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩৯ নং দক্ষিণ নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সততা, আত্মবিশ্বাস ও বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে জ্ঞানের আলো সংগঠনের উদ্যোগে “সততা স্টোর ও পাঠাগার”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষানুরাগী, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জ্ঞানের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা তুহিনুর রহমান শাহ আলম, সভাপতি মোঃ হৃদয় দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আতিক আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, একটি শিশুর প্রকৃত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; সততা, নৈতিকতা, মানবিকতা ও জ্ঞানচর্চার সমন্বয়েই একজন আদর্শ নাগরিক গড়ে ওঠে। সেই লক্ষ্য থেকেই শিক্ষার্থীদের মাঝে সততার চর্চা এবং বই পড়ার আগ্রহ বাড়াতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত নির্ভরতা থেকে বইমুখী করতে পাঠাগারের বিকল্প নেই। একটি সমৃদ্ধ পাঠাগার শিশুদের কল্পনাশক্তি, সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে সততা স্টোর শিক্ষার্থীদের মাঝে সততা, দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের বাস্তব শিক্ষা প্রদান করবে।অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের চরিত্র গঠন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, এই কার্যক্রম শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।জ্ঞানের আলো সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষাকে কেন্দ্র করে আলোকিত সমাজ গড়ার লক্ষ্যেই তাদের পথচলা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক, সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে সততা স্টোর ও পাঠাগারের উদ্বোধন ঘোষণা করা হয়।সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শুধু একটি স্টোর বা পাঠাগারের উদ্বোধন নয়; বরং আগামী দিনের সৎ, সচেতন, জ্ঞানসমৃদ্ধ ও মানবিক প্রজন্ম গঠনের একটি অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ।

এই বিভাগের আরও খবর

Back to top button