অভিযোগ

মাদকের বিরুদ্ধে কলম ধরায় সাংবাদিকের ওপর নৃশংস হামলা।

নাজমুল হাসান স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে মাদক ব্যবসার সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক নববাণীর ধুনট উপজেলা প্রতিনিধি সাংবাদিক শ্রী গোবিন্দ রায়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিক মহলসহ স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।নঅভিযোগ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার মালোপাড়া ও গুচ্ছগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা ও সেবন চলছিল। এসব কর্মকাণ্ড নিয়ে গত ১৩ ও ১৪ মে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক শ্রী গোবিন্দ রায়। সংবাদ প্রকাশের পরই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত হাওয়ার্ড রুবেল, মোন্তা ও তাদের সহযোগীরা।অভিযোগে বলা হয়েছে, ১৪ মে রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে অভিযুক্তরা সাংবাদিক গোবিন্দ রায়ের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। এসময় তার স্ত্রী প্রতিবাদ জানালে পুরো পরিবারকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বাড়ি ফেরার পথে ধুনটের ক্লিওপ্রেট্টা সিনেমা হল সংলগ্ন এলাকায় সাংবাদিক গোবিন্দ রায়ের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে জোরপূর্বক টেনে পাশের একটি গলির ভেতরে নিয়ে যায় এবং লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। আত্মরক্ষার চেষ্টা করলে তার বাম চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন। সাংবাদিক গোবিন্দ রায়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর ধুনটের সাংবাদিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একজন সাংবাদিকের ওপর এ ধরনের নৃশংস হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্থানীয় সচেতন মহলও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, মাদক কারবারিদের দৌরাত্ম্য দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। যারা সমাজের এসব অপরাধ তুলে ধরছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে।এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button