

গোবিন্দ রায়ঃ
বগুড়ার ধুনট সদর ইউনিয়নের সরকারি ডিগ্রী কলেজের পিছনে মালোপাড়া গুচ্ছ গ্রামে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক ব্যবসা। সন্ধ্যা নামলেই ওই এলাকায় শুরু হয় মাদক কেনাবেচা ও সেবনের প্রকাশ্য আসর। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চললেও রহস্যজনক কারণে থামছে না এই অবৈধ কর্মকাণ্ড। স্থানীয় সূত্রে জানা যায়, মালোপাড়া গুচ্ছ গ্রামের পাশে থাকা ভুট্টাখেতের ফাঁকা জায়গাগুলো এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে যুবকরা সেখানে জড়ো হয়। চলে মাদক কেনাবেচা ও সেবন। এতে করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। অনেক পরিবার এখন চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর নারী ও সাধারণ মানুষ ওই সড়ক দিয়ে চলাচলে ভয় পাচ্ছেন। একাধিক স্থানীয় ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন সন্ধ্যার পর এখানে মাদকের আসর বসে। ভুট্টাখেতের ভেতরে প্রকাশ্যে মাদক সেবন করা হয়। আমরা চাই দ্রুত প্রশাসন অভিযান চালিয়ে এই মাদক ব্যবসা বন্ধ করুক।আরেকজন বলেন,কলেজের পিছনের এলাকা হওয়ায় শিক্ষার্থীদের ওপরও খারাপ প্রভাব পড়ছে। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।স্থানীয়দের দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে এলাকায় নিয়মিত পুলিশি টহল ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে সচেতন মহল বলছে, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।










