

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের আমতলা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে দোকান নির্মাণ এবং রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি হলেন হাইমচর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল করিম বেপারীর ভাই তারেক বেপারী। স্থানীয় সূত্রে জানা যায়, আমতলা বাজারের মালেরহাট যুব সংঘ এমজেএস স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ব্রিজের পাশে পানি উন্নয়ন বোর্ডের জমিতে সম্প্রতি দোকান নির্মাণের কাজ শুরু করা হয়। একই সঙ্গে রাস্তার পাশের কয়েকটি গাছও কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত তারেক বেপারীর কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। এছাড়া তার কাছে প্রয়োজনীয় লিখিত কাগজপত্র ও অনুমতির নথিও রয়েছে বলে তিনি জানান। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, উক্ত জমির বর্তমান মালিকানা এমজেএস স্কুল অ্যান্ড কলেজের নামে রয়েছে এবং সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা গাছ কাটার বৈধ অনুমতি নেই। তারা অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার নিষেধ করার পরও কাজ বন্ধ করা হয়নি। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন,আমরা বারবার তাদেরকে কাজ বন্ধ করার জন্য বলেছি। কিন্তু তারা কোনো নির্দেশনা না মেনে কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি প্রশাসনের গুরুত্বসহকারে দেখা প্রয়োজন।এলাকাবাসীর মতে, সরকারি বা শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ এবং অনুমতি ছাড়া গাছ কাটা পরিবেশ ও জনস্বার্থের জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।উল্লেখ্য, সরকারি জমি দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং অনুমোদন ছাড়া গাছ কাটার বিষয়টি বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আরও বৃদ্ধি পেতে পারে।










