মানিকগঞ্জ

ঈদ উপলক্ষে ঘিওরের সিংজুরী ইউনিয়নে ৯০৭ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ।

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের (VGF) চাল বিতরণ করা হয়েছে। রোববার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু। এ সময় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে হতদরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ভিজিএফ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজের নিম্ন আয়ের মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সিংজুরী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৯০৭ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সুশৃঙ্খল পরিবেশে তালিকাভুক্ত সুবিধাভোগীদের হাতে চাল তুলে দেওয়া হয়। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগী পরিবারগুলো। এ সময় উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ঈদের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি বয়ে আনে এবং পরিবারের সদস্যদের নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপনে সহায়তা করে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ভবিষ্যতেও সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ সর্বোচ্চ আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাবে।

এই বিভাগের আরও খবর

Back to top button