

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জালিয়ার চর শহর আলীর মোড়ে অবস্থিত ৪৩ নং জালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে,যুব সমাজ কর্তৃক আয়োজিত ১৪তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল, উক্ত মাহফিলটি সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী এবং মাহফিলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গোলাম মাবুদ হাওলাদার। সঞ্চালনা করেন হযরত মাওলানা সাইফ উদ্দিন।পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন হযরত মাওলানা কারী ইসমাইল হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন মাওলানা ফরহাদ হোসাইন। এরপর নসিয়তপূর্ণ বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল হালিম। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান প্রধানিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুদ্দিন বেপারী, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন তালুকদার, চরভৈরবী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মাঝি, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ শেখ, পল্লী চিকিৎসক লিটন মাঝি ও মাস্টার মোঃ নাসির উদ্দিন বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাহফিল কমিটির সদস্যরা। বক্তারা বলেন, মাহফিলকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সকলের সার্বিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা বিশেষভাবে আলোকসজ্জা, মাইক ব্যবস্থা, নিরাপত্তা, মাঠ প্রস্তুতি এবং আর্থিক সহায়তার বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান। যুব সমাজের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা আরও বলেন, ধর্মীয় মাহফিল মানুষের আত্মশুদ্ধি, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরামর্শ সভা শেষে উপস্থিত সকলেই আগামী ৬ জানুয়ারির তাফসীরুল কুরআন মাহফিল সফল করতে স্বতঃস্ফূর্তভাবে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।










