

ডেক্স রিপোর্টঃ
আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকাস্থ মেঘনা পাড়ের স্বজন ফোরাম-এর উদ্যোগে অসহায়, এতিম ও রোজাদার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এই মহতী কার্যক্রমের সূচনা করা হয়। জানা যায়, চর আবাবিল, চর ভৈরব ও চর বংশী ইউনিয়নের প্রায় ৩০০টি এতিম, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসলেও অনেক অসহায় পরিবার অর্থাভাবে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। তাই তাদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করা হয়, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি ও সবার কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি সমাজের বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন।










