

ডেক্স রিপোর্টঃ
উত্তরায় চলমান শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে রিয়াদ মাহমুদ রাফি (৫৫) নামে ফেনীর এক যুবলীগ নেতাকে হাতেনাতে আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মঙ্গলবার (২২ জুলাই) উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবির আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার সময় তাকে আটক করা হয়। রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামের ভূঞা বাড়ির আবুল হাসেমের ছেলে এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক বলে জানা গেছে।সূত্রে জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীতে হামলার ঘটনায় রিয়াদ মাহমুদ রাফি নেতৃত্ব দেন। হামলায় অনেকে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ১৫২ জনকে আসামি করে চলতি বছরের ২০ জুন ফেনী মডেল থানায় মামলা করেন। ওই মামলায় যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফি ১০৩ নম্বর আসামি।গণঅভ্যুত্থানের পর থেকেই রাফি গা ঢাকা দিয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ওই প্রতিষ্ঠানের ছাত্ররা মঙ্গলবার ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিলেও, তিনি এই শান্তিপূর্ণ পরিস্থিতিতে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন। শান্তিপূর্ণ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টাকালে স্থানীয় ছাত্রদের সন্দেহ হলে তারা তাকে চিহ্নিত করে আটক করেন। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঢাকার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার নামে ফেনী মডেল থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে।ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, ফেনী মডেল থানায় করা মামলায় যুবলীগ নেতা রাফিকে ফেনীতে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
