

নুরনবি ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শ্রী অলিন চন্দ্র সিংহের (নিখোঁজ ব্যক্তির) মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশ বাঁধা অবস্থায় পাওয়ায় ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সিআইডি ও স্থানীয় থানা পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পরিবার। নিহত অলিন চন্দ্র সিংহ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ পাড়িয়া সিংহাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত সেলটু সিংহের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর ছেলে উলেন চন্দ্র সিংহ বিবাহিত এবং মেয়ে স্বপ্না রাণী দিনাজপুর সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ২০২৬, সোমবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে পাড়িয়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন অলিন চন্দ্র সিংহ। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের সংবাদ প্রচার এবং এলাকায় মাইকিং করে তাঁর সন্ধান চাওয়া হয়। পরদিন পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে সব ধরনের চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ৫ নভেম্বর দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নম্বর আমজানখোর ইউনিয়ন ও ১ নম্বর পাড়িয়া ইউনিয়নের মধ্যবর্তী স্বাগতম এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।জানা গেছে, ওই দিন দুপুরে ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে তুলেন চন্দ্র সিংহ, পিতা মৃত মুনিরাম এবং বরুন চন্দ্র সিংহ, পিতা আগারু, প্রথমে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। যে জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেটির মালিক আকালু সিংহের ছেলে যতেন সিংহ। এ বিষয়ে সিআইডি ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তাঁকে গলা টিপে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এদিকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আলমগীর হোসেন এবং পীরগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (বালিয়াডাঙ্গী ও হরিপুর) মো. আব্দুল হাই সরকার হত্যাকাণ্ডের তদন্তের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা জানান, সিআইডি ও স্থানীয় থানা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।নিহতের পরিবারের দাবি, তাঁদের জানা মতে, অলিন চন্দ্র সিংহের সঙ্গে কারও কোনো ব্যক্তিগত বিরোধ বা শত্রুতা ছিল না। ফলে তাঁর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কে বা কারা, কী কারণে এবং কী উদ্দেশ্যে তাঁকে হত্যা করেছে, তা জানতে চান তাঁরা।বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের অগ্রগতির মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের রহস্য উন্মোচিত হবে বলে আশা করছেন স্বজন ও এলাকাবাসী।নিহতের পরিবার ও স্থানীয়দের জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।










