অনুসন্ধান

গুজবে উত্তাল হাইমচর: কবর খোঁড়ার ঘটনাকে ‘করোনা লাশ চুরি’ বলে অপপ্রচার।

বিএম ফরিদ আহমেদঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় ‘করোনায় মৃত ব্যক্তির লাশের হাড় চুরি—এমন একটি গুজবকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছেন। জানা যায়, গত বুধবার উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইমদাদুল উলুম কাওমী মাদরাসা সংলগ্ন কবরস্থানে একটি কবর খোঁড়ার ঘটনা ঘটে। বিষয়টি সত্য হলেও, সেটিকে ‘করোনায় মৃত ব্যক্তির কবর খুঁড়ে হাড় চুরি’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা এলাকায় আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত গফুর বেগের ছেলে মোক্তার বেগের কবর ঘিরে এই ঘটনা ঘটে। তবে এটি করোনায় মৃত্যুবরণকারী কারও কবর নয় বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী। তারা বলেন, একটি সাধারণ কবর খোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। এলাকাবাসীর একাংশের দাবি, কোন ঘটনা কিংবা অনিয়মের বিষয় আড়াল করতেই একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের গুজব ছড়াতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, হাড় বিক্রির মতো কাল্পনিক গল্প ছড়িয়ে কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। সচেতন মহল এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা গুজবে কান না দিয়ে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের তদন্তের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত সত্য উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, এমন ভিত্তিহীন গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত সঠিক তথ্য প্রকাশ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button