

ফুলপুর সংবাদ দাতা মোঃ কামরুল ইসলাম খানঃ
ময়মনসিংহের ফুলপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাট্যাবলেট ও নগদ টাকাসহ মোঃ আনোয়ার হোসেন বাচ্চু ওরফে সৈয়দ বাচ্চু (৪৩) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ।
শনিবার (০৩ অক্টোবর, ২০২৬) সন্ধ্যা ৭:০৫ ঘটিকার সময় ফুলপুর থানাধীন বাহাদুরপুর এলাকায় আসামির নিজ বাড়িতে এ সফল অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাহাদুরপুর (সৈয়দ বাড়ি) এলাকার মৃত মোজাম্মেল হোসেন ওরফে বাচ্চু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন বাচ্চুর বাড়িতে মাদক বিক্রির খবর পেয়ে পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। পরবর্তীতে তার বসতঘরের শোয়ার বিছানার তোষকের নিচে কালো জিপারের ভেতর লুকিয়ে রাখা ২০০ (দুইশত) পিস কমলা রঙের ইয়াবাট্যাবলেট (ওজন প্রায় ২০ গ্রাম) এবং মাদক বিক্রির নগদ ২,১০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশল অবলম্বন করে এক অজ্ঞাতনামা আসামী পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে পলাতক আসামীর সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ফুলপুর থানাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত সৈয়দ বাচ্চুর বিরুদ্ধে ফুলপুর থানায় হত্যাচেষ্টাসহ একাধিক মাদক মামলা ও চার্জশিট রয়েছে।
এ বিষয়ে ফুলপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৩, তারিখ: ০৩/১০/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


