সাতক্ষীরা

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

শেখ ফারুক হোসেন,বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক জি এম নূর ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ২টায় সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন দারুল উলুম মাদ্রাসার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে আয়োজিত শোকসভায় মরহুম জি এম নূর ইসলামের কর্মময় জীবন ও সাংবাদিকতায় তার অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জাতীয় পার্টির সাবেক এমপি আশরাফুজ্জামান আশু, বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা নগর উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক কারুক হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জি এম নূর ইসলাম ছিলেন সাতক্ষীরার সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। স্থানীয় সংবাদপত্রের প্রসার ও সাংবাদিকতার বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে স্থানীয় মসজিদের ইমামের ইমামতিতে জি এম নূর ইসলামের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জি এম নূর ইসলাম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক সমাজ, সংবাদপত্রসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর

Back to top button