

নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।রোববার (২৩ আগস্ট ২০২৬) ভোরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীনস্থ কাঁঠালডাংগী বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্য ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৫৩ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১৪৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, কাঁঠালডাংগী বিওপির হাবিলদার মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি টহলদল রোববার ভোর আনুমানিক ৪টার দিকে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত মেইন পিলার ৩৭০ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে‘গেরুয়াডাংগী’ এলাকায় তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর বিজিবি সীমান্তে মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্ত এলাকায় টহল জোরদার এবং কৌশলী অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখছে সীমান্তরক্ষী বাহিনীটি।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঠাকুরগাঁও সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ও অব্যাহত থাকবে। এ বিষয়ে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে বিজিবি। বিশেষ করে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। ঠাকুরগাঁও সীমান্তে একের পর এক সফল অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা ও কঠোর অবস্থান স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।










