ঠাকুরগাঁও

স্বনির্ভর মৎস্য চাষে ভরব দেশ, সবার আগে বাংলাদেশ

মোঃ নূরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এ মৎস্য সপ্তাহ পালিত হবে। রোববার (১৬ আগস্ট) বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নিষিদ্ধ মাছ ধরার সরঞ্জাম চায়না দুয়ারি জাল ব্যবহার বন্ধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। দেশীয় প্রজাতির মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা এবং জলাশয়ে মাছের অবাধ বিচরণ নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় বিভিন্ন মৎস্য চাষি ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল ম্যাডি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমান সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হুদা।বক্তারা বলেন, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। নিষিদ্ধ জাল ও অবৈধ উপায়ে মাছ ধরা বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button