

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপস ও এজেন্ট অ্যাকাউন্টসম্বলিত দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়। বুধবার (২৯ জুলাই) গাইবান্ধা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩২), পিতা: মোঃ আলম মিয়া এবং মোঃ সাগির আলম (৩১), পিতা: মৃত শফিউল ইসলাম। তারা উভয়েই গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী দুলালের ভিটা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ২৮ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খোলাহাটী দুলালের ভিটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুই আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পর্যালোচনা করে অনলাইন ক্যাসিনো জুয়ার এজেন্ট অ্যাকাউন্ট এবং অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন অ্যাপসের অস্তিত্ব পাওয়া যায় বলে জানায় ডিবি পুলিশ।এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা নং-৪৮, তারিখ ২৮ জুলাই ২০২৬, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৯/২৩/২৫/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার দুই ব্যক্তি এলাকায় অনলাইন ক্যাসিনো জুয়ার অন্যতম সক্রিয় পরিচালনাকারী হিসেবে পরিচিত। এদিকে, এ ঘটনায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (নিরস্ত্র) মোঃ আব্দুল মোত্তালিব সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










