

ডেক্স রিপোর্টঃ
ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ব্যাপক জনসচেতনতামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অমিত রায় বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও জমে থাকা পানির উৎস নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু বিস্তার রোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার বলেন, একটি সুস্থ, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত দক্ষিণ আলগী গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি এলাকাবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব বিল্লাল হোসেন, ১নং ওয়ার্ডের সদস্য মোঃ বাবুল, ২নং ওয়ার্ডের সদস্য আলী আহাম্মেদ দেওয়ান, ৪নং ওয়ার্ডের সদস্য খোরশেদ আলম টেলু, ৫নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন, ৬নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম মাল, ৮নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান শেখ, ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ কাওসার বেপারী, সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা বেগম ও আমেনা বেগমসহ নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব। প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যাবে। সভা শেষে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।










