ফুটবল

বিভাগীয় পর্যায়ে খেলতে যাচ্ছে চরভৈরবীর ক্ষুদে ফুটবলাররা।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ৪৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জন করে এবার চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে। এই অর্জনে পুরো এলাকাজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ উপলক্ষে ক্ষুদে ফুটবলারদের মাঝে জার্সি ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট মাসুদ রানা। তিনি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের শারীরিক ও মানবিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র।কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে তিনি নিজেকে গর্বিত ও আনন্দিত মনে করছেন। তিনি আরও বলেন, “আমাদের ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে যারা ক্রীড়াপ্রেমী ও সমাজের বিত্তবান ব্যক্তি রয়েছেন, তারা যদি এসব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এবং আর্থিক ও মানসিক সহযোগিতা করেন, তাহলে ভবিষ্যতে এ শিশুরাই জাতীয় পর্যায়ে সাফল্য বয়ে আনবে।আজকের এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো হাইমচরবাসীর গর্ব। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও জানান, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামের সাধারণ পরিবারের সন্তানদের এমন সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ৪৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, মোঃ মেহেদী হাসান, মোঃ ফারুক মিয়া, মোঃ বজলুর রশিদ, খাদিজা আক্তার, মোঃ তাজউদ্দিন আহমেদ, আব্দুল ওয়াহেদ, মোঃ আব্দুল্লাহ, আফিয়া আক্তার, তাহমিনা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার এমন চর্চা অব্যাহত থাকলে ভবিষ্যতে এখান থেকেই জাতীয় দলের জন্য দক্ষ খেলোয়াড় তৈরি হবে। ক্ষুদে ফুটবলারদের এই সাফল্যে এলাকাবাসী গর্বিত এবং বিভাগীয় পর্যায়ে তাদের উজ্জ্বল সাফল্য কামনা করেছেন সবাই।

এই বিভাগের আরও খবর

Back to top button