

মোঃ কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে “ভূমি মেলা ২০২৬”অনুষ্ঠিত হয়েছে। ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি সংক্রান্ত জটিলতা সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে আয়োজিত এ মেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নাবিলা ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের প্রধান হামিম, সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, মৎস্য সহকারী কর্মকর্তা মোঃ আইয়ুব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।পরে উপজেলা হলরুমে “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা নিশ্চিত হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে। নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা এখন অনলাইনের মাধ্যমে সহজেই পাওয়া যাচ্ছে, যা জনগণের সময় ও অর্থ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা আরও বলেন, একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সঙ্গে ভূমি ব্যবস্থাপনা ওতপ্রোতভাবে জড়িত। তাই দুর্নীতি ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা বৃদ্ধি করাও জরুরি। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কে জানতে পারছে, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত।মেলায় আগত সেবাপ্রার্থীরা জানান, এক ছাদের নিচে বিভিন্ন ভূমি সেবা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ায় তারা সন্তুষ্ট। এ ধরনের আয়োজন নিয়মিত হলে সাধারণ মানুষের মধ্যে ভূমি সংক্রান্ত সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারা।










