পটুয়াখালী

দুমকিতে খাল খননের এলাইনমেন্ট পরিবর্তনের অভিযোগ, তদন্তের দাবি।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে চিংগরিয়া-মাদারবুনিয়া খাল খননকে কেন্দ্র করে এলাইনমেন্ট পরিবর্তনের অভিযোগ উঠেছে। সরকারি খালের নির্ধারিত অংশ বাদ দিয়ে ভোগদখলীয় রেকর্ডীয় জমির ওপর দিয়ে খাল খননের চেষ্টার অভিযোগ এনে ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে বলা হয়, খালের জমির অবৈধ দখলদার হিসেবে পরিচিত একটি প্রভাবশালী পরিবার ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে সরকারি খালের মূল এলাইনমেন্ট পরিবর্তনের চেষ্টা করছে। এতে দীর্ঘদিনের ভোগদখলীয় ও রেকর্ডভুক্ত জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।চরগরবদী গ্রামের বাসিন্দা মোঃ আবুল কালাম মুন্সী অভিযোগ করে জানান, এসএ ৩২১ ও ৩২৮ নম্বর খতিয়ানভুক্ত বিভিন্ন দাগে মোট ৬৩৪ শতাংশ জমি তাদের পরিবার দীর্ঘদিন ধরে ভোগদখলে রেখে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু বর্তমানে সরকারি খালের পরিবর্তে তাদের জমির ওপর দিয়ে খাল কাটার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা খাল খননের বিরোধী নই। সরকারি সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ করে প্রকৃত খাল অংশে খনন কাজ করা হলে আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে ব্যক্তিস্বার্থে এলাইনমেন্ট পরিবর্তন করে আমাদের জমি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বন্ধ করতে হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত এসও মুহাইমিনুল ইসলাম আবির জানান, এখন পর্যন্ত কারও রেকর্ডীয় জমিতে খাল খনন করা হয়নি। আপত্তিকৃত অংশ বাদ রেখে অন্যপ্রান্তে কাজ চলছে এবং বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। ঠিকাদার মোঃ মিলন মিয়া বলেন, উভয় পক্ষই তার আত্মীয় হওয়ায় তিনি সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দিয়েছেন। তবে এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি বলে জানান তিনি। এদিকে বিষয়টি নিয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাতের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের মতে, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও সঠিক জরিপ নিশ্চিত করা জরুরি। অন্যথায় সাধারণ মানুষের জমি ও অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়। বর্তমানে এলাকাজুড়ে বিষয়টি নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে।

এই বিভাগের আরও খবর

Back to top button