

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৭ মে) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সাতানী কালভার্টসংলগ্ন বাউফল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৫২)। তিনি উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঝাটরা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সামছুল হক হাওলাদারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, রাজ্জাক দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পটুয়াখালী-হ ১১-২৯৩২ নম্বরের একটি লাল রঙের বাজাজ সিটি ১০০ মোটরসাইকেলে করে দুমকি থেকে লেবুখালীর দিকে যাচ্ছিলেন রাজ্জাক। মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছিলেন মো. রফিক গাজী (৫৫)। পথে সাতানী কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে চালক আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেলের আরোহী রফিক গাজী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। নিহতের পরিবার জানায়, রাত আনুমানিক তিনটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে অ্যাম্বুলেন্সে করে রাজ্জাককে বরিশালে নেওয়া হয়। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়ির সামনে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। দুর্ঘটনার বিষয়ে নিহতের ছেলে মো. রাসেল জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।










