অভিযান

রায়পুরে ফুটপাত দখলবিরোধী অভিযানে মোবাইল কোর্ট, জরিমানা ২৬ হাজার টাকা।

ইমরান হোসেন রায়পুরঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে দখলমুক্ত করা হয়েছে জনসাধারণের চলাচলের পথ। অভিযান পরিচালনা করেন নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ এবং রায়পুর পৌরসভা কর্তৃপক্ষ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী দোকানের পণ্যসামগ্রী ফুটপাতে রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন। এতে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। একাধিক অভিযোগের ভিত্তিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ফুটপাতে রাখা বিভিন্ন দোকানের মালামাল সরিয়ে নেওয়া হয় এবং দায়ী ব্যবসায়ীদের তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। জনস্বার্থের পরিপন্থী কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। নিয়ম অমান্য করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে শহরের শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে।প্রশাসন জানিয়েছে, জনদুর্ভোগ নিরসন ও শহরের সৌন্দর্য রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

Back to top button