অভিযান

বগুড়ার শিবগঞ্জে পুলিশের অভিযানে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার আটক ১ জন।

স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় শিবগঞ্জ থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগবাড়ী চর এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলা পৌরসভার বেড়াবালা আকন্দপাড়া গ্রামের শাহিনের স্ত্রী তানজিলাকে ফোন করে জানানো হয় যে, তার স্বামী শাহিন মহাস্থানে অবস্থান করছেন এবং জরুরি প্রয়োজনে ৮ হাজার টাকা প্রয়োজন। এ সংবাদ পেয়ে তানজিলা টাকা পৌঁছে দিতে সদর ইউনিয়নের আলাদিপুর গ্রামের জাহিদুল ইসলামের পুত্র ও একটি দোকানের কর্মচারী সৌরভ (২২)-কে সঙ্গে নিয়ে একটি টিভিএস (১০০ সিসি) মোটরসাইকেলে মহাস্থানের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে শিবগঞ্জ থানার ভেড়ামালা আকন্দপাড়া এলাকায় পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। এ সময় তানজিলার কাছ থেকে কানের স্বর্ণের দুল ও একটি মোবাইল ফোন এবং সৌরভের কাছ থেকে টিভিএস মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। পরে সৌরভকে রাস্তায় বেঁধে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনার পর তানজিলা শিবগঞ্জ থানায় বিষয়টি অবহিত করলে দ্রুত থানার ইন্সপেক্টর (তদন্ত) শুকুর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে মোটরসাইকেলটি উদ্ধার ও একজন আসামিকে শনাক্ত করা সম্ভব হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলটি ভুক্তভোগী নিজেই তার ছিনতাই হওয়া মোটরসাইকেল হিসেবে শনাক্ত করেছেন। এ ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ছামছুল (৩৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা থানার মথুরাপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button