

ডেক্স রিপোর্টঃ
ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন একটি আলোচনা তৈরি হয়েছে একটি গুজব ঘিরে। জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন— এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।দুপুর থেকেই ফেসবুক, এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তে থাকা পোস্টগুলো বিশ্বাস করে অনেকেই তাকে অভিনন্দন জানাতে শুরু করেন। তবে বিষয়টি সম্পূর্ণ অসত্য ও গুজব বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে জামায়াতে ইসলামী।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, জামায়াত থেকে ড. মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি সম্পূর্ণ গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে রাজনৈতিক পরিবেশকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। যাচাই ছাড়া এ ধরনের খবর বিশ্বাস বা প্রচার না করার আহ্বানও জানান তিনি। এদিকে বিষয়টি নিয়ে ড. মিজানুর রহমান আজহারি এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি। যদিও তার অনুসারীদের বড় একটি অংশ সামাজিকমাধ্যমে বিষয়টি সত্য ধরে নিয়ে অভিনন্দন জানানো শুরু করেছিলেন।ঢাকা-৫ আসনটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকে।এমন অবস্থায় কোনো জনপ্রিয় ব্যক্তিকে নিয়ে মনোনয়ন–সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে।জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পর বেশিরভাগ পোস্ট মুছে ফেলা হলেও অনলাইন জগতে এটি এখনও আলোচনার শীর্ষে রয়েছে।










