
কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলাম। সভায় পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, পল্লী বিদ্যুতায়নের সহকারী জেনারেল ম্যানেজার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক (টিটু), ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পল্লী জীবিকায়ন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, পোরশা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও সন্তোষজনক রয়েছে। একই সঙ্গে সরকারি বিভিন্ন বিভাগের চলমান কার্যক্রমও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলাম সভায় এনজিও কার্যক্রম, নারী ও শিশু সুরক্ষা, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা জনগণের সেবার মানোন্নয়ন, উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।










